সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো বাণিজ্যিক গেমিং বা জুয়া খেলার লাইসেন্স প্রদান করেছে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসভিত্তিক ক্যাসিনো অপারেটর 'উইন রিসোর্টস' এই লাইসেন্স পেয়ে আরব দেশটিতে গেমিং পরিচালনার অনুমতি পেয়েছে। উইন রিসোর্টস তাদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

উপসাগরীয় রাষ্ট্রটি গত বছর থেকেই জুয়া খেলার সুযোগ তৈরির কাজ শুরু করেছিল। এ উদ্দেশ্যে গঠিত হয় 'জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি', যা এবার প্রথমবারের মতো লাইসেন্স প্রদান করেছে। দীর্ঘদিন ধরে ক্যাসিনো অপারেটররা আমিরাতে একটি রিসোর্ট নির্মাণের চেষ্টা করছিল, যা এখন বাস্তবে রূপ নিচ্ছে।

উইন রিসোর্টস আমিরাতের রাস আল খাইমাহ'র মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে, যা ইউরোপ, এশিয়া ও অন্যান্য অঞ্চল থেকে পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।