চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে ৪২ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫,৬৯৬ কোটি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এ সময়ে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ১০ কোটি ৫৮ লাখ ডলার প্রবাসী আয় সংগ্রহ করেছে, যা অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি। জনতা ব্যাংক দ্বিতীয় স্থানে থেকে ৫ কোটি ১৪ লাখ ডলার সংগ্রহ করেছে। এছাড়া ব্র্যাক ব্যাংক ৩ কোটি ৫৯ লাখ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ২৭ লাখ এবং অগ্রণী ব্যাংক ৩ কোটি ১৩ লাখ ডলার আয় সংগ্রহ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের প্রথম পাঁচ দিনে সরকারি ব্যাংকগুলো ১০ কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো দেড় কোটি এবং বেসরকারি ব্যাংকগুলো ৩০ কোটি ডলার প্রবাসী আয় সংগ্রহ করেছে।

রাজনৈতিক পরিবর্তনের পর থেকে প্রবাসী আয়ের ধারা ইতিবাচক। গত মাসে দেশে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল। চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় ছিল ২৪০ কোটি ডলার, আর সর্বোচ্চ প্রবাসী আয় ছিল জুনে, ২৫৪ কোটি ডলার। ২০২০ সালের জুলাইয়ের ২৫৯ কোটি ডলারের পরে এটি ছিল সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর থেকে ডলার সংকট মোকাবিলায় ব্যাংকগুলোর জন্য ডলার লেনদেনের ব্যান্ড বৃদ্ধি করা হয়েছে, যা প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব ফেলছে।